খুলনা | শুক্রবার | ১২ জুন ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কেডিএ’র চেয়ারম্যান হলেন নগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনা

নিজস্ব প্রতিবেদক |
১২:২৮ এ.এম | ১২ জুন ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নতুন চেয়ারম্যান (গ্রেড-২) হয়েছেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলম-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে আগামী ০১ (এক) বছর মেয়াদে কেডিএ’র চেয়ারম্যান পদে চুক্তিবিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি সংবিধিবদ্ধ সেবাধর্মী প্রতিষ্ঠান৷ পরিকল্পিত নগরায়ন ও আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ১৯৬১ সালের ২১ জানুয়ারি এই প্রতিষ্ঠানের সৃষ্টি৷ সূচনালগ্ন হতেই কেডিএ অর্ডিন্যান্স ১৯৬১ এর  ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি নগর পরিকল্পনা, উন্নয়নে অংশগ্রহন এবং অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রনের উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে৷ নগর পরিকল্পনার পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত খুলনা শহর বিনির্মাণে কেডিএ’র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।

আবাসন সমস্যার সমাধান, বাণিজ্যিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টি, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজতরকরণ ইত্যাদি নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে কেডিএ উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ, মার্কেট নির্মাণ, বাসটার্মিনাল নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, শিশুপার্ক নির্মাণ ইত্যাদি ৫০টির ও বেশি জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে।

প্রিন্ট

আরও সংবাদ