খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক |
০২:৪৭ পি.এম | ১২ জুন ২০২৬


খুলনার দক্ষিণ লবনচরায় গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিককে  (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার (১২ জুন) দুপুর ১১টার দিকে লবনচরার দশগেট এলাকায় নিজ বাসার কাছে এ ঘটনা ঘটে।

নিহত রফিক বটিয়াঘাটা ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন বলে জানা গেছে। তিনি দক্ষিণ লবনচরার মাথাভাঙ্গার রতন গাজীর ছেলে।

নিহত রফিকের স্ত্রী বলেন, আমার বড় ছেলে রাগ করে ঘর থেকে হয়ে গেছে তাকে ডাকতে গিয়ে আমার স্বামী না পেয়ে বাড়ির পিছনের একটা ফাঁকা জায়গায় বসে ছিল। তখন কে বা কারা এসে তাকে গুলি করে যা তার তল পেটে লাগে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি জানান, তার স্বামী বিএনপির রাজনীতি করতেন।

বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আসাবুর রহমান জানান, রফিক গাজী জলমা ইউনিয়ন বিএনপির সক্রিয় সদস্য ছিলেন। এর আগে তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকতেন।

খুলনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আমীর এজাজ খান বলেন, বটিয়াঘাটার জলমা ইউনিয়ন বিএনপির কর্মী ছিলেন রফিক গাজী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

খুলনার লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলের আশপাশের সব দোকান বন্ধ হয়ে যায়। হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এ হত্যাকণ্ডের সাথে জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রিন্ট

আরও সংবাদ