খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিলবার্তো মোরা

ক্রীড়া প্রতিবেদক |
০৬:০৪ পি.এম | ১২ জুন ২০২৬

 

বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেকর্ড গড়লেন মেক্সিকোর বিস্ময়বালক গিলবার্তো মোরা। ১৭ বছর বয়সী এই মিডফিল্ডার ভেঙে দিয়েছেন ৯৬ বছরের পুরোনো রেকর্ড।

তিনিই এখন বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের হয়ে খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার। দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে মেক্সিকো।

এই ম্যাচে তিন ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের রেফারি উইল্টন সাম্পাইয়ো। এর মধ্যেই অনেকটা আড়ালে রেকর্ড গড়েছেন মোরা।

মেক্সিকোর ফুটবল ইতিহাসে নতুন একটি অধ্যায় যোগ করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫তম মিনিটে মাঠে নামার সঙ্গে সঙ্গে রেকর্ডটি গড়েন মোরা।

মেক্সিকোর সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ ম্যাচ খেললেন তিনি। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে মেক্সিকোর হয়ে খেলেছিলেন ম্যানুয়েল রোসাস। সে সময় তার বয়স ছিল ১৮ বছর ১৩৪ দিন। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোরা খেললেন ১৭ বছর ২৪০ দিন বয়সে। তাতেই ভেঙে যায় রোসাসের ৯৬ বছরের রেকর্ড।

মোরাকে মেক্সিকোর অন্যতম সম্ভাবনাময় মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার সামর্থ্যে আস্থা রেখেছেন কোচ জাভিয়ের আগুইরে। ক্লাব তিজুয়ানার হয়ে গত দুই মৌসুম ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছেন মোরা। সেই পারফরম্যান্স দিয়েই কেড়ে নিয়েছেন জাতীয় দলের কোচের নজর।

১৭ বছর বয়সেই মেক্সিকোর সর্বোচ্চ লিগে ৫০টির বেশি ম্যাচ খেলা হয়ে গেছে তার। করেছেন বেশ কয়েকটি গোল, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেনও। ২০২৫ সালে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল তার। এবার বিশ্বকাপেও সেই রেকর্ড গড়লেন মোরা।

প্রিন্ট

আরও সংবাদ