খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নগরীতে ‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযান, ভাই জনি আটক

নিজস্ব প্রতিবেদক |
১১:১০ পি.এম | ১২ জুন ২০২৬


নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবু’র বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে নগরের শামসুর রহমান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁর ভাই মাহামুদুন চৌধুরী জনিকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান শুরু হয়। চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ বিভাগ) রেজাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশেষ যৌথ অভিযানের অংশ হিসেবে রনি চৌধুরীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর ভাই মাহামুদুন চৌধুরীকে (জনি) আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা রেজাউর রহমান আরও জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে হরিণটানা থানার শীর্ষ সন্ত্রাসী ইমন মোল­া, সোনাডাঙ্গা থানার সন্ত্রাসী রনি শেখ ওরফে কাবা, গ্রেনেড বাবু গ্র“পের সদস্য নূর আলম ইসলাম ওরফে নূরুসহ কয়েক জনকে আটক করা হয়েছে।
এর আগে গত বছরের ৪ এপ্রিল ও ৮ জুনও গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান চালিয়েছিল যৌথ বাহিনী। সে সময় তাঁর বাবা ও এক ভাইকে গ্রেফতার করা হয়। ওই দুই অভিযানে অস্ত্র ও মাদক বিক্রির ৩৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি একটি ওয়ান শ্যুটারগান, কয়েকটি গুলি এবং বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, খুলনা নগরের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় ২০২৩ সালের ২৭ মার্চ জনি চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০১০ সালের ১০ জুন জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে, মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকান্ড সংঘটিত হয়েছিল।

প্রিন্ট

আরও সংবাদ