খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

তিন দিন জিম্মি থাকার পরে ছাড়া পেলো বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:৪২ এ.এম | ১৩ জুন ২০২৬


পূর্ব সুন্দরবনে তিন দিন জিম্মি থাকার পরে বনদস্যুদের কবল থেকে ছাড়া পেয়েছেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন। গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনের কালামিয়া এলাকা থেকে দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতার চালক ফরিদুলসহ ২ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় বন বিভাগ শরণখোলা থানায় একটি জিডি করেছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির বেতার চালক মোঃ ফরিদুল ইসলাম জামালপুরের বাড়িতে ছুটি কাটিয়ে গত  ৯ জুন দুপুর ১২টার দিকে পাথরঘাটার পদ্মা স্লুইস থেকে দুবলা অফিসে যাওয়ার জন্য তোফাজ্জেল সরদারের ট্রলার যোগে রওয়ানা হয়। ট্রলারে ট্রলার মাঝির সহকারী মোঃ আলকাসও ছিলো। ট্রলারটি ঐ দিন বিকেল ৫টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কালামিয়া এলাকা অতিক্রমের সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ট্রলারটিতে হামলা করে বেতার চালক ফরিদুলসহ ট্রলার আরোহী ৩ জনকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে  রাখে। এদিকে, বনকর্মী বেতার চালকের কোন সন্ধান না পেয়ে শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে শরণখোলা থানায় একটি জিডি করেন। শুক্রবার ভোর  রাতে বনদস্যুরা বন কর্মী ফরিদুলসহ তিন জনকে ছেড়ে দেয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা  (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, তিন দিন নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে দুবলা অফিসের বেতার চালক দুবলায় ফিরে এসেছেন। দস্যুরা ভোর রাতে সুন্দরবনের আমবাড়ীয়া এলাকায় চোখ বেঁধে বেতার চালকসহ ৩ জনকে ছেড়ে দিয়ে যায়। নিখোঁজ বনকর্মীর সন্ধানে তিন দিন ধরে সুন্দরবনে ড্রোন উড়িয়ে ব্যপক তল্লাশী কার্যক্রম চালানো হয়।  দুবলা যাওয়ার পথে ৯ জুন বিকেলে সুন্দরবনের কালামিয়া এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী বেতার চালক ফরিদুলসহ ট্রলার মাঝি ও তার সহকারীকে অপহরণ করে আটকে রেখে ছিলো। বনকর্মী পরিচয় পেয়ে  দস্যুরা কোন মুক্তিপণ দাবি করেনি বলে ডিএফও জানান।
 

প্রিন্ট

আরও সংবাদ