খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর : আজ সকাল সাড়ে ৯টায় নামাজে জানাজা

নগরীতে যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতা রফিককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক |
০১:৩৪ এ.এম | ১৩ জুন ২০২৬


খুলনা মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে যৌথ অভিযান চলাকালে দুর্বৃত্তের গুলিতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কারানির্যাতিত গাজী রফিকুল ইসলাম (৪৫) নামে বিএনপি নেতাকে নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। রফিক গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন।
নিহত রফিক রতন গাজীর ছেলে ও বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য। গতকাল রাতেই নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রফিক দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি দোকানে বসা ছিলেন। এ সময়ে হেলমেট পরিহিত এক যুবক মোটরসাইকেল চালিয়ে এসে তাঁকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি তাঁর পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন খবর পেয়ে তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আশপাশের সব দোকান বন্ধ দেখতে পান তিনি। হত্যাকান্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে চাইছে না। পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আসাবুর রহমান জানান, রফিক গাজী জলমা ইউনিয়ন বিএনপি’র সক্রিয় সদস্য ছিলেন। এর আগে তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সদস্য ছিলেন। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকতেন।
অভিযোগ রয়েছে, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রবাজ, মাদক কারবারিদের গ্রেফতারে খুলনায় এক সপ্তাহ ধরে বিশেষ অভিযান চলছে। কিন্তু বিশেষ অভিযানের খবর আগেভাগেই সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে। ফলে বড় সন্ত্রাসীদের ধরা সম্ভব হচ্ছে না। ঢাকঢোল পিটিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাহিনীর প্রধানদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে পারেনি।

প্রিন্ট

আরও সংবাদ