খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

বিএনপি নেতা রফিককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা-প্রতিবাদ জেলা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ১৩ জুন ২০২৬


বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সদস্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে কারানির্যাতিত গাজী রফিকুল ইসলাম (৪৫) কে প্রকাশ্য দিবালোকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শুক্রবার জুমার নামাজের পূর্বে লবণচরা থানার মাথাভাঙ্গা কাজীপাড়া বাজারে যেভাবে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা জনাকীর্ণ স্থানে রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে হত্যা করেছে, তা চরম উদ্বেগজনক। খুলনায় চলমান বিশেষ যৌথ অভিযানের কড়া নিরাপত্তার মধ্যেও প্রকাশ্য বাজারে এই ধরনের বর্বরোচিত হত্যাকান্ড প্রমাণ করে যে, সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এই কাপুরুষোচিত ঘটনা সমগ্র খুলনা অঞ্চলে তীব্র আতঙ্ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবক্ষয়কে স্পষ্ট করে তোলে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক আদর্শের কারণে বা যেকোনো ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যে সংঘটিত এই হত্যাকান্ড কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। অনতি বিলম্বে এই বর্বরোচিত হত্যাকান্ডের সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী এবং খুনিদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায়, সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুম রফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রিন্ট

আরও সংবাদ