খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন : কেসিসি প্রশাসক

তথ্য বিবরণী |
০২:২৫ এ.এম | ১৩ জুন ২০২৬


থানা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার খুলনা বয়রাস্থ  মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথি বলেন, উদ্ভাবনী ধারণা প্রদর্শনী হলো ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভাবনা শুরু করেছেন। আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে রক্তের সিঁড়ি বেয়ে বাংলাদেশের নতুন যাত্রা, সেই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নতুন পথে হাটবে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশে নতুন যাত্রা পরিবর্তনের হাওয়া বইছে। সেই পরিবর্তনের হাওয়ায় আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানদের আগামী বাংলাদেশ প্রস্তুত করা। গতকাল বাজেটে প্রধানমন্ত্রী শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে এখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। তার মানে হচ্ছে শিক্ষার আলো সবার মাঝে জ¦ালাতে হবে এবং বিজ্ঞান মনষ্ক যারা তাদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। এই কার্যক্রমের মধ্যদিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা সামনে এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশে তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা বন্ধ থাকা ও শিক্ষা কার্যক্রম ব্যহতের কারণে সমাজে মাদকের প্রসার ঘটেছে। নতুন বাংলাদেশে নতুনভাবে সবকিছু শুরু করতে হবে। সন্তানদের লেখাপড়ায় ফিরিয়ে আনতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. এস এম সাজ্জাদ  হোসেন। অনুষ্ঠানে খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ রুমানাই ইয়াসমিন বক্তৃতা করেন। খানজাহান আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ্যাডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
দুপুরে কেসিসির প্রশাসক সোনাডাঙ্গা রেভারেন্ড পলস হাই স্কুলের অডিটোরিয়ামে কোতোয়ালী থানা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ও বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. এস এম সাজজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা, কোতয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন প্রমুখ বক্তৃতা করেন। সকালে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কার্যালয়ে মৌসুমি ফল উৎসবে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, কমিটির সদস্য ও ওয়াকার্স ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ