খুলনা | শনিবার | ১৩ জুন ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছায় উদ্ভাবনী মেলায় আবুল কালাম আজাদ

বিশ্ব প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে

পাইকগাছা প্রতিনিধি |
০২:২৫ এ.এম | ১৩ জুন ২০২৬


স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে খুলনার পাইকগাছায় জাঁকজমকপূর্ণ দিনব্যাপী ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী’ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসইভিসি-এর আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও মিলনায়তনে আয়োজিত এই মেলায় উপজেলার মোট ১৩টি নামী শিক্ষা প্রতিষ্ঠান তাদের সেরা উদ্ভাবনগুলো নিয়ে অংশ নেয়। খুদে বিজ্ঞানীদের হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিচারকদের রায়ে শীর্ষস্থান অধিকার করে ৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম স্থান অর্জন করে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান পাইকগাছা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ এবং তৃতীয় স্থান অধিকার করে কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমি। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পরিবেশ রক্ষা, আধুনিক কৃষি প্রযুক্তি, গ্রিন এনার্জি (নবায়নযোগ্য জ্বালানি), আইটি সেবা এবং সামাজিক সমস্যা সমাধানের নান্দনিক ও কার্যকর সব প্রজেক্ট প্রদর্শন করে দর্শকদের তাক লাগিয়ে দেয়।
উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। বিভিন্ন স্টল ঘুরে শিক্ষার্থীদের চমৎকার সব উদ্ভাবনের প্রশংসা করে তিনি বলেন, ‘বিশ্ব প্রতিযোগিতায় দেশকে এগিয়ে নিতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে। আমাদের তরুণদের মধ্যে অদম্য মেধা রয়েছে। তাদের এই মেধাকে কাজে লাগানোর জন্য প্রযুক্তিবান্ধব শিক্ষার অনূকূল পরিবেশ ও সুযোগ করে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় এবং স্বাগতিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব। মেলায় অত্যন্ত নিখুঁত ভাবে বিচারকের দায়িত্ব পালন করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, জামায়াত নেতা মাহবুবুর রহমান মন্টু কাগজী, মুজাহিদুল ইসলাম, আসাদুল ইসলাম, তামিম রায়হান, সোহেল এবং আল মামুন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠান শেষে বিজয়ী উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং সুশিক্ষায় অবদান রাখার জন্য মেধাবী শিক্ষকদের হাতে ‘মেধাবী শিক্ষক পুরস্কার’ তুলে দেওয়া হয়। দিনব্যাপী এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যম কর্মী, বিজ্ঞানের শিক্ষক এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজকদের প্রত্যাশা, এই ধরনের বিজ্ঞান মেলা তরুণ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে দেশে বড় বড় উদ্ভাবক তৈরিতে পথ দেখাবে।

প্রিন্ট

আরও সংবাদ