খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ্যে যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা

খবর প্রতিবেদন |
০৪:২১ পি.এম | ১৩ জুন ২০২৬

 

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য যুবদলের এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাকসুদুল হক চৌধুরী মাসুদ (৪৫) উপজেলার বেতাগী এলাকার মৃত খালেদ চৌধুরীর ছেলে ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা দেড়টার দিকে মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী এলাকাটিতে আসে। এরপর মাসুদুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে অটোরিকশা করেই ঘটনাস্থল ত্যাগ করে তারা। মাসুদুলের মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

এদিকে গুলিতে মাথা ছিন্নভিন্ন হয়ে যাওয়া তার লাশের একটি বীভৎস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, যুবদল নেতাকে গুলি করে হত্যার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি এবং লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

প্রিন্ট

আরও সংবাদ