খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শহীদ ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র দিলেন প্রধানমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৬:১৫ পি.এম | ১৩ জুন ২০২৬

 

২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা-মার হাতে সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র হস্তান্তর করেন।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামার মুরারপাড়ায় ওয়াসিমের কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও মা জোসনা আক্তারের হাতে সরকারের পক্ষ থেকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ একাধিক প্রতিমন্ত্রী, সংসদ সদস্যসহ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা শহীদ পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

২০২৪ সালের ১৬ জুলাই বিকেল ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ওয়াসিম শহীদ হন। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ