খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছায় এমপি আবুল কালাম আজাদ

বাজেটের ঘাটতি পূরণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

পাইকগাছা প্রতিনিধি |
০২:৩২ এ.এম | ১৪ জুন ২০২৬


সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন একটি দেশের উন্নয়ন ও অগ্রগতি এবং মানুষের জীবনমান কেমন হবে সেটা জাতীয় বাজেটের উপর নির্ভর করে। সরকার ২০২৫-২০২৬ অর্থ বছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। যেখানে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে। বিপুল পরিমাণ ঘাটতি পূরণে বাজেটে কোন লক্ষমাত্রা নির্ধারণ করা হয়নি। এছাড়া বাজেটে কর থেকে রাজস্ব আয়ের যে লক্ষমাত্রা রয়েছে সেটা পূরণ নিয়েও শঙ্কা রয়েছে উল্লেখ করে এমপি বলেন বার্ষিক আয়ের উপর যে কর নির্ধারণ করা হয়েছে তা কিছুটা কমিয়ে আনলে করদাতার সংখ্যা বাড়তো এবং তাতে রাজস্ব আয় বৃদ্ধি পেত। তিনি বাজেটের ঘাটতি পূরণে স্থানীয় পর্যায়ে আয়ের খাত সৃষ্টি এবং দেশের ধনীদের করের আওতায় আনার দরকার বলে জানান। সঠিক কোন লক্ষ এবং পরিকল্পনা না থাকায় বাজেটের ঘাটতি পূরণ সরকারের জন্য চ্যালেঞ্জ হবে উল্লেখ করে তিনি আরো বলেন  সুন্দরবনের মধু বিদেশে রপ্তানি করে কোটি কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়ের খাত সৃষ্টি করতে পারলে বাজেট বাস্তবায়ন সহজ হবে। 
তিনি শনিবার দুপুর ১২টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে “বাজেট ভাবনা” বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রথম বারের মতো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় অনুষ্ঠানে উপস্থিত সকলেই সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তারা স্থানীয় পর্যায়ে রাজস্ব আয় বাড়াতে সুন্দরবন কেন্দ্রীক পর্যটন কেন্দ্র স্থাপন, মৎস্যজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বিনোদন কেন্দ্র স্থাপনসহ এলাকার উন্নয়ন ও আয় বাড়াতে বিভিন্ন মতামত দেন। উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জি এম বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক। বক্তব্য রাখেন মেয়র প্রার্থী এড. মোর্তজা জামান আলমগীর রুলু, অধ্যক্ষ উৎপল কুমার বাইন, অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল সাত্তার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. জিএম আককাছ আলি, সাবেক সভাপতি এড. অজিত কুমার মন্ডল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বাহারুল আলম, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মোঃ আব্দুল আলীম, আব্দুর রাজ্জাক বুলি, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, শিক্ষক তাপস কুমার দে, চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, এড. বেলাল উদ্দিন, মাওলানা আমিনুর রহমান সিরাজী, রিয়াজুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম।
 

প্রিন্ট

আরও সংবাদ