খুলনা | রবিবার | ১৪ জুন ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি’র শোক, হত্যাকারীদের গ্রেফতার দাবি

বটিয়াঘাটায় সন্ত্রাসীদের গুলিতে নিহত রফিক গাজীর দাফন সম্পন্ন

বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:৩২ এ.এম | ১৪ জুন ২০২৬


বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি নেতা জিএম রফিক গাজীর জানাজা শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। পরে মরহুম রফিক গাজীকে খুলনা শিপইয়ার্ড কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বজনরা অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, সাবেক উপজেলা সভাপতি খায়রুল ইসলাম খান জনি, সাবেক জেলা উপদেষ্টা আশিকুজ্জামান আশিক, জলমা ইউনিয়ন সদস্য সচিব আছাবুর রহমান হাওলাদার, যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জানাজা শেষে নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “রফিক গাজী ছিলেন দলের একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ। তার ওপর সশস্ত্র হামলা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
শফিকুল আলম মনা বলেন, একজন রাজনৈতিক কর্মীকে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করবে বলে আমরা আশা করি। জেলা বিএনপি’র আহবায়ক  মনিরুজ্জামান মন্টু বলেন, রফিকুল গাজীর মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত ও সাহসী নেতাকে হারিয়েছে। তার হত্যার বিচার নিশ্চিত করতে আমরা সোচ্চার থাকবো এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। 
উল্লেখ্য গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মাথাভাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন রফিকুল গাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ