খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংসদীয় কমিটি: আইনে পার্থ, অর্থে মুশফিকুর সভাপতি

খবর প্রতিবেদন |
১১:০৪ পি.এম | ১৪ জুন ২০২৬


বিএনপি জোটের হয়ে নির্বাচন করে সংসদে আসা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

একইসঙ্গে ত্রয়োদশ সংসদের প্রবীণতম সদস্য ৯০ বছর বয়সি বিএনপির মুশফিকুর রহমানকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে।

রোববার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে এ দুই সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে ভোলা-১ আসনের সংসদ সদস্য বিজেপির আন্দালিব রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের মুশফিকুরের নাম প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

দুটি কমিটিই ১০ সদস্যের। প্রতিটি কমিটিতে জামায়াতে ইসলামীর দুজন এবং এনসিপির একজন করে সদস্য রাখা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির অন্য সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের জালালউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান এবং লক্ষ্মীপুর-১ আসনের শাহাদাত হোসেন।

জামায়াত থেকে এ কমিটিতে আছেন ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন ও ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবেদীন। এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির অন্য সদস্যরা হলেন - আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম এবং লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান।

জামায়াত থেকে সদস্য হয়েছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন ও নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ। এনসিপি থেকে আছেন রংপুর-৪ আসনের আখতার হোসেন।

এর আগে গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। এসব কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, বিল পরীক্ষা, ব্যয় ও কার্যক্রম তদারকি এবং সংসদে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব পালন করে।

প্রিন্ট

আরও সংবাদ