খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কালীগঞ্জে নারী মাদক কারবারির দম্ভোক্তি, অবশেষে ধরা

থানা পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি, প্রশাসন কিছুই করতে পারবে না

ঝিনাইদহ প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ১৪ জুন ২০২৬


প্রশাসন আমার কিছুই করতে পারবে না, আমি প্রতি মাসে থানায় ৬০ হাজার টাকা মাসোহারা দিয়ে ব্যবসা করি বলে দম্ভোক্তি করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের নদী পাড়ার রুপালি খাতুন নামের এক নারী মাদক কারবারি। গত শনিবার (১৩ জুন) রাত ১০ টার দিকে স্থানীয়রা মাদক ব্যবসা বন্ধ করার কথা বলতে ওই নারীর বাড়িতে গেলে সে স্থানীয়দের উদ্দেশ্য করে এ কথা বলে। তবে পরে পুলিশ স্থানীয়দের সাথে নিয়ে রুপালির বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ও তার ছেলে আল-আমিনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার পঁচাত্তর টাকা উদ্ধার করে। রোববার সকালে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। রুপালি খাতুন (৪০) শহরের নদী পাড়া এলাকার মিজান হোসেনের স্ত্রী এবং আল-আমিন (২২) ওই দম্পতির ছেলে। 
জানা গেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জুড়ে মাদকের ব্যাপক বিস্তার লাভ করায় স্থানীয়রা তা প্রতিরোধের সিদ্ধান্ত নেন। গত ১১ ও ১৩ তারিখে পাইকপাড়া গ্রাম থেকে দুই যুবককে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতে স্থানীয়রা শহরের নদী পাড়া এলাকার রাসেল ও রুপালি খাতুনের বাড়িতে যায় মাদক ব্যবসা থেকে বিরত থাকার কথা বলতে।
স্থানীয় টিটোন হোসেন নামে এক যুবক জানান, আমরা স্থানীয় ১৮/২০ জন মিলে নদী পাড়ার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তাদের মাদক বিক্রি বন্ধ করতে বলি। এ সময় রুপালি নামে এক নারী মাদক ব্যবসায়ী আমাদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং বলে প্রশাসনও আমার কিছু করতে পারবে না, আমি থানা পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব্যবসা করি। কিছুক্ষণ পর সেখানে ওসিসহ পুলিশের একটি টিম উপস্থিত হলে স্থানীয়রা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। পরে পুলিশ জনতা সাথে নিয়ে রুপালির বাড়িতে অভিযান চালিয়ে তার ও তার ছেলে আল-আমিনের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার পঁচাত্তর টাকাসহ তাদের আটক করা হয়। 
এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, কেউ প্রমাণ দিতে পারবেন না যে, কালীগঞ্জ থানার কাউকে মাদকের একটি টাকা দিয়েছে। যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমরা ওয়ান-টুর মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।
 

প্রিন্ট

আরও সংবাদ