খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোল্লাহাটে ভাড়া বাসা থেকে যুবতীর মরদেহ উদ্ধার

মোল্লাহাট প্রতিনিধি |
০১:৩৪ এ.এম | ১৫ জুন ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে একটি ভাড়া বাসা থেকে লিমা আক্তার (১৮) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে মোল্লাহাট থানার গাংনী পুলিশ ফাঁড়ির অদূরে অবস্থিত একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লিমা আক্তার চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের ইলিয়াস শেখের মেয়ে। তিনি স্বামীর সাথে ঐ ভাড়া বাসায় বসবাস করতেন।
লিমার পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে লিমা তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলেছিলেন। লিমার বাবার দাবি, শ্বশুর বাড়ির লোকজন (শাশুড়ি ও শ্বশুর) তাদের এই বিয়ে মেনে নেননি। বিয়ের পর থেকেই লিমার স্বামীকে উদ্দেশ্য করে তার পরিবার প্রতিনিয়ত অকথ্য ও অপমানজনক কথাবার্তা বলে আসছিল। নিহতের বাবার অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের এই মানসিক নির্যাতন ও অপমান সহ্য করতে না পেরেই লিমা চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং নিজের জীবন বিসর্জন দিয়েছেন। 
ঘটনার খবর পেয়ে গাংনী পুলিশ ফাঁড়ি, মোল্লাহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরে করেছেন। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রিন্ট

আরও সংবাদ