খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাইকগাছায় ঋণের বোঝা ও অর্থ সংকটে মুদি ব্যবসায়ীর আত্মহনন

পাইকগাছা প্রতিনিধি |
০১:৩৪ এ.এম | ১৫ জুন ২০২৬


খুলনার পাইকগাছায় ঋণের চাপ ও দীর্ঘদিনের পারিবারিক অভাব-অনটন সইতে না পেরে ভীম বসু (৩৮) নামে এক মুদি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ বেদনাদায়ক ঘটনাটি ঘটে। নিহত ভীম বসু ওই গ্রামের বিনয় বসুর ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি আম গাছের সাথে ভীম বসুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরিসহ আইনি প্রক্রিয়া শুরু করে।
অনুসন্ধানে জানা যায়, পেশায় মুদি দোকানদার ভীম বসু ব্যবসা পরিচালনা করতে গিয়ে সা¤প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি ও ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। দিন দিন ঋণের চাপ বাড়তে থাকায় এবং কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় পারিবারিক অভাব-অনটন তীব্র আকার ধারণ করে। মানসিক ও আর্থিকভাবে চরম বিপর্যস্ত হয়ে একপর্যায়ে তিনি এই আত্মহত্যার পথ বেছে নেন বলে স্থানীয়দের ধারণা।
পাইকগাছা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে অপমৃত্যু (ইউডি) হিসেবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ