খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনা বিভাগে ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা একদিনেই হাসপাতালে ভর্তি ৩৫

নিজস্ব প্রতিবেদক |
০২:২২ এ.এম | ১৫ জুন ২০২৬


খুলনা বিভাগে ডেঙ্গু জ্বরের সংক্রমণে আক্রান্ত রোগী বাড়ছে। মাত্র একদিনের ব্যবধানে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যায় বড় ধরনের উল­ম্ফন দেখা গেছে। শনিবার যেখানে নতুন ভর্তি রোগীর সংখ্যা ছিল মাত্র ৫ জন, সেখানে সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৩৫ জন ডেঙ্গু রোগী। যদিও এই সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবুও স্বাস্থ্য বিভাগ পরিস্থিতিকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের কার্যালয় প্রকাশিত সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯০ জনে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৪১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তির হার উলে­খযোগ্যভাবে বেড়েছে। শনিবার যেখানে নতুন রোগী ভর্তি হয়েছিল ৫ জন, সেখানে পরবর্তী ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে। তবে আশার খবর হচ্ছে সব নতুন রোগী সরকারি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন এবং বেসরকারি হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টার নতুন রোগী ভর্তির তালিকায় সবচেয়ে বেশি চাপ পড়েছে বাগেরহাটে। সেখানে নতুন ভর্তি হয়েছেন ২০ জন, যা একদিনের হিসেবে বিভাগের সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে বাগেরহাটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬০ জনে। বর্তমানে জেলাটিতে ৩৪ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন, যা বিভাগের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া বাগেরহাটে চলতি বছরে ১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে এবং ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩ জন রোগী। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৯ জন। বর্তমানে খুলনায় ৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে ভর্তি হয়েছেন ৬ জন নতুন রোগী। হাসপাতালটিতে চলতি বছরে মোট রোগী ভর্তি হয়েছেন ৭৭ জন। বর্তমানে সেখানে ১৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। বিভাগে মোট ৩টি মৃত্যুর মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অন্যান্য জেলার পরিস্থিতিগত ২৪ ঘণ্টায় মাগুরায় ভর্তি হয়েছেন ২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, কুষ্টিয়ায় ১ জন, সাতক্ষীরা জেলায় ১ জন, অন্যদিকে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর ও নড়াইলে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। চুয়াডাঙ্গা এখনো ডেঙ্গুমুক্ত। খুলনা বিভাগের মধ্যে একমাত্র চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সেখানে আক্রান্ত, মৃত্যু কিংবা হাসপাতালে ভর্তি সব সূচকই এখনো শূন্য।
চলতি বছরে খুলনা বিভাগে মোট ৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, বাগেরহাটে ১ জন, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গুর বিস্তার আরও বাড়তে পারে। স্বাস্থ্য বিভাগ জনগণকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, মশারি ব্যবহার এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহŸান জানিয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ