খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারীদের জন্য দু’টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

খবর প্রতিবেদন |
০২:২৫ এ.এম | ১৫ জুন ২০২৬


নারীদের চিকিৎসায় সরকার দু’টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতাল দু’টি হবে দেড় হাজার শয্যার। কিডনি ডায়ালাইসিস, স্তন ও জরায়ু ক্যানসার চিকিৎসা, পঙ্গুত্ব পুনর্বাসন, প্রসূতি ও মাতৃসেবা এবং সাধারণ চিকিৎসা সুবিধা থাকবে। রোববার সকালে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ দেশের ১০টি জেলার সরকারি হাসপাতালে নতুন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আরও ৯টি জেলা সদর হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনার আওতায় সারা দেশে মোট ২০টি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। নারীদের জন্য দুটি বাদে অন্য ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক চিকিৎসাকেন্দ্র।
তিনি বলেন, জরুরি স্বাস্থ্যসেবা জোরদারে প্রতিটি হাসপাতালে পাঁচটি করে অণ্যাধুনিক এ্যাম্বুলেন্স সরবরাহ করা হবে। গুরুতর রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের জন্য চারটি হেলিকপ্টার সংযুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে রোগীদের দ্রুত সদর হাসপাতাল বা ঢাকার বিশেষায়িত হাসপাতালে নেওয়া সম্ভব হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে নতুন কেরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে ৮০ হাজার থাকবে নারী স্বাস্থ্যকর্মী। তারা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা পরামর্শ দেবেন।
তিনি বলেন, আগামী ১ জুলাইয়ের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনা হবে। স্বাস্থ্যসেবাকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় নারায়ণগঞ্জে আরও হাসপাতালের প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উপস্থাপন করা হবে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি কুটির শিল্পের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, প‚র্বাচলে ১৬০ একর জমির ওপর একটি সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। সেখানে শীতলপাটি, নকশিকাঁথা, টেরাকোটা, তালপাতার পণ্যসহ বিভিন্ন কুটির শিল্পের প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পরিচালিত হবে।
চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীদের যথাসম্ভব নিজ নিজ জেলাতে চিকিৎসা নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় রেফারেল কমিয়ে আনতে হবে। রোগী স্থানান্তরের সময় অনেক ক্ষেত্রে ঝুঁকি বেড়ে যায়।
তিনি জানান, চলতি সপ্তাহের মধ্যেই নতুন আইসিইউ ইউনিটগুলোতে শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সিপ্যাপ, বাইপ্যাপ এবং হাই-ফ্লো নেজাল ক্যানুলা সরবরাহ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ