খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘খুলনাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে’

খবর বিজ্ঞপ্তি |
০২:৫৪ এ.এম | ১৫ জুন ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে। আমরা এমন একটি শহর চাই, এমন একটি দেশ চাই যেখানে সব দিক থেকেই দেশটি স্বনির্ভর হয়ে উঠবে। আমাদের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরাই পারবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে। সে জন্য তিনি সম্প্রতি ঘোষিত বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশী বরাদ্দ রেখেছেন। 
গতকাল রোববার বিকেলে জেলা পর্যায়ের স্টার্টআপ সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কেসিসি প্রশাসক। 
‘‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ : সবার আগে বাংলাদেশ’’ প্রতিপাদ্য নিয়ে খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রশাসক জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
প্রশাসক শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও প্রস্তুতিতে অভিভ‚ত হয়ে বলেন, পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশকে অনেক উচ্চতায় নিয়ে যেতে হবে। বিজ্ঞানই পারবে আমাদের সেই উচ্চতায় নিয়ে যেতে। আজকের শিক্ষার্থীরাই তাদের চিন্তাশক্তি, শিক্ষা, মনন ও উদ্ভাবনী শক্তির মাধ্যমেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। জেলা পর্যায় পার হয়ে খুলনার ক্ষুদে বিজ্ঞানীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সৃষ্টিশীল ভাবনার স্বীকৃতি পাবেন এবং সেরা আসনটি অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা, উপ-পরিচালক (কলেজ) ড. এস এম সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক (মাধ্যমিক) মোঃ কামরুজ্জামান ও সহকারী পরিচালক (কলেজ) মোঃ এনামুল ইসলাম। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শহিদ হাদিস পার্কে আয়োজিত ক্লাইমেট ক্যাম্প-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। নবায়নযোগ্য শক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে পরিবার ভিত্তিক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী যুব সংগঠন আপস যুব সংগঠন এ ক্যাম্পের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ