খুলনা | সোমবার | ১৫ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাবেক এমপি সেঁজুতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:৫৫ এ.এম | ১৫ জুন ২০২৬


উচ্চ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ার পর সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০২০ সালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের অহেদ আলী হত্যা মামলায় তাকে গ্রেফতার (শ্যোন এ্যারেস্ট) দেখানো হয়। পরে আসামিপক্ষ জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেঁজুতির আইনজীবী এড. আল মাহামুদ বলেন, অন্যান্য মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর কারামুক্ত হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারেও তার নাম ছিল না বলে দাবি করেন তিনি।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৬ মার্চ রাতে একদল ব্যক্তি ধুলিহর এলাকায় পারুল বেগমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তার স্বামী অহেদ আলীকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
স¤প্রতি পারুল বেগম আদালতে নালিশি মামলা দায়ের করলে আদালত সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে সাতক্ষীরা সদর থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় লায়লা পারভীন সেঁজুতিসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ