খুলনা | মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর রহস্যজনক আত্মহত্যা

খবর বিনোদন |
০৩:৫৬ পি.এম | ১৫ জুন ২০২৬

 

শোকের ছায়া যেন নেমে এসেছে বিনোদন জগতে। দুর্ঘটনায় মার্কিন গায়ক অলিভার ট্রির মৃত্যুসংবাদের রেশ না কাটতেই শোনা গেল বলিউডে মৃত্যুর খবর। ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতা উগাল আত্মহত্যা করেছেন।

জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’ খ্যাত ৩০ বছর বয়সী অভিনেত্রী সঞ্চিতা উগালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববারের এই আকস্মিক ঘটনায় পুরো বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায়। মুম্বাইয়ের নালাসোপারা এলাকায় বাবা-মা ও বোনের সঙ্গে থাকতেন সঞ্চিতা। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। শাড়ির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যম ডেইলি জাগরান সূত্রে সঞ্চিতার মৃত্যুর খবর পাওয়া গেছে।

ছোটপর্দা থেকে ওটিটি ও বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছিলেন সঞ্চিতা। ‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালে দিয়া ট্যান্ডন চরিত্রটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এ ছাড়া ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিরিয়ালে তার অভিনয় দর্শকপ্রিয় হয়। সম্প্রতি মনোজ বাজপেয়ীর ‘সাইলেন্স ২’ এবং ভিকি কৌশলের ‘ছাওয়া’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্চিতাকে বেশ প্রফুল্ল দেখা গেছে। একটি গোলাপি ট্র্যাডিশনাল গাউন পরে ‘ইনআম’ গানে নাচ ও হাসিখুশি এক্সপ্রেশনের একটি রিল ভিডিও শেয়ার করেছিলেন।

সঞ্চিতা উগালের আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ