খুলনা | মঙ্গলবার | ১৬ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

তালা-কয়রা ৬৫ কি: সড়কে ৫৩৫ কোটি টাকার বরাদ্দ

চারবার সময় বাড়লেও শেষ হয়নি রাস্তার কাজ সরলীকরণে দেখা দিয়েছে জনভোগান্তি

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) |
১১:৪৮ পি.এম | ১৫ জুন ২০২৬


সাতক্ষীরার তালা থেকে খুলনার পাইকগাছা-কয়রা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৬৫ কিলোমিটার এলাকা জুড়ে সড়ক প্রশস্ত ও বাঁক সরলীকরণ কাজে দেখা দিয়েছে জনভোগান্তি। ৫৩৫ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজটি চারবার সময় বাড়ালেও ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো শেষ করতে পারেনি। সর্বশেষ সময় অনুযায়ী চলতি জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ২০ শতাংশ কাজ এখনো বাকি। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এখনো চলছে কয়েক জায়গায় বাঁক সোজা করার প্রাথমিক কাজ। তবে চলমান কপিলমুনি ফকিরবাসা ও পাইকগাছা গোলাবাটি বাঁকের বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষতিগ্রস্তরা জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করার অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তালার আঠারোমাইল থেকে খুলনার কয়রা পর্যন্ত জনসাধারণের চলাচলের পথ নির্বিঘœ ও ঝুঁকিমুক্ত করতে ২০২০ সালে সড়ক ও জনপথ বিভাগ ‘বাঁক সরলীকরণ ও সড়ক প্রশস্তকরণ’ এ প্রকল্পটি হাতে নেয়। এর মধ্যে ১০০ মিটার নদীশাসনের কাজও রাখা হয়েছে প্রকল্পে। স্থানীয়রা বলেছেন, যত দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, ততবার ব্যয়ও বেড়েছে। মানুষের চলাচলে যে অসহনীয় ভোগান্তি সেটা কবে লাঘব হবে তা কেউ জানে না। কাজটি সম্পন্ন করতে এতদিন লাগার কথা না। খুলনা সড়ক ও জনপথ (সওজ) দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২১ জানুয়ারি তালা-কয়রা ভায়া পাইকগাছা সড়ক উন্নতীকরণ প্রকল্পটি একনেকে পাস হয়। দরপত্র শেষে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। ২৯ ডিসেম্বর তাদের ৩৩৯ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকার প্রকল্প বাস্তবায়নের কার্যাদেশ দেওয়া হয়। ২০২২ সালের ৩০ জুন কাজ শেষ করার কথা ছিল। পরবর্তী সময়ে নানা জটিলতার কারণে চার দফায় এক বছর করে সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন করা হয়। প্রকল্পে ব্যয় বাড়ানো হয় ৪০ কোটি টাকা। এ ছাড়া প্রকল্পের মধ্য থেকে তিন কিলোমিটার অংশের জন্য আলাদা করে ব্যয় বাড়ানো হয় আরও ৫৫ কোটি টাকা। সর্বশেষ তালা থেকে পাইকগাছা পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়কের দুই পাশে ছয় ফুট প্রশস্ত করার জন্য বরাদ্দ করা হয় আরও ১০০ কোটি টাকা। এভাবে প্রকল্পের ব্যয় ১৯৫ কোটি বেড়ে দাঁড়িয়েছে ৫৩৪ কোটি ৫৮ লাখ টাকা।
প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল (বেতগ্রাম) থেকে তালা উপজেলার মধ্যের কাজ অনেকাংশে সম্পন্ন হয়েছে। তবে বাঁক সরলীকরণের জন্য জমি অধিগ্রহণের জটিলতায় দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর গত ৬ জুন থেকে পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজারে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বাঁক সরলীকরণের কাজ শুরু করছেন। বাজারের ফকিরবাসা মোড় ও গোলাবাটি মোড়ে বুলডোজারের মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে পাকা বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান। বাদ যায়নি মাদ্রাসাও। জমির মালিক শেখ সেকেন্দার আলী, দীপংকর সাহা, শেখ বাবর আলী, শিমুল সরদার, জামাল হোসেন, শাহিনুর রহমানের ভাষ্য, তাদের বিল্ডিং বাড়ি, দোকানপাট অবৈধভাবে প্রশাসন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের টাকা পরিশোধ না করে জেলা প্রশাসক ও সওজ তাদের সঙ্গে প্রতারণা করেছে। এর আগে একই অভিযোগে তারা গত বছর একবার বাঁক সরলীকরণ কাজে বাধা দিলে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় একাধিকবার মীমাংসার উদ্যোগ নেয়। কথা হয় টাকা পরিশোধ করেই কাজ করার। কিন্তু তাদের কথা তারা না রেখেই আমাদের সবকিছু তছনছ করে দিয়েছে। আমরা কোথায় গেলে এর সুষ্ঠু বিচার পাব?
মোজাহার এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক রাজন আহমেদের ভাষ্য, প্রকল্পের ৩০টি বাঁক সরলীকরণের জন্য জমি অধিগ্রহণে সময়ক্ষেপণ হয়েছে। সড়কটির কাজে সওজের প্রকৌশলীদের নির্দেশনা মেনে এবং প্রাক্কলন অনুসরণ করা হচ্ছে। তারপরও কাজ করতে গেলে টুকটাক সমস্যা হয়। চলমান কাজে যেসব স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই স্থানও ঠিক করে দেওয়া হবে।
খুলনা সড়ক ও জনপথের (সওজ) সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল হক জানান, ২০২০ সালে বেতগ্রাম থেকে কয়রা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলো সরলীকরণ ও প্রশস্তকরণের মেগা প্রকল্পটি গ্রহণ করা হয়। সাতক্ষীরার তালা অংশের কাজ অনেকটা শেষ হলেও পাইকগাছা ও কয়রা অংশের ১০টি পয়েন্টের বাঁক সরলীকরণের কাজ এখনো অসমাপ্ত।
ভ‚মি মালিকরা গত বছর ডিসেম্বরে ক্ষতিপ‚রণের টাকা না পেয়ে বিক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন। অধিগ্রহণের জমির টাকা চেক প্রস্তুত থাকলেও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রয়োজনীয় স্বাক্ষর না হওয়ায় টাকা দিতে দেরি হচ্ছে। ৬ জুন থেকে সড়কের কাজ আবার শুরু হয়েছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে তিনিও সংশয় প্রকাশ করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ