খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেও খেলতে পারছেন না নেইমার

ক্রীড়া প্রতিবেদক |
০২:৩৪ পি.এম | ১৬ জুন ২০২৬

 

চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ১–১ ড্র করে যাত্রা শুরু করে ব্রাজিল। এবার গ্রুপ পর্বের পরের দুই ম্যাচেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে ক্লাব সান্তোস–এর হয়ে খেলার সময় পায়ের পেশিতে চোট পান। ১০ দিন পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি।

জানা গেছে, গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ ২০ ও ২৫ জুন—যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ড–এর বিপক্ষে। এই দুই ম্যাচেও নেইমারের খেলা প্রায় অনিশ্চিত বলে জানিয়েছে ইএসপিএন।

সূত্রের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে থাকা অবস্থায় নেইমারের আবারও মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এখনো সেই পরীক্ষার ফল প্রকাশ করেনি।

এপি জানায়, সোমবার অনুশীলনে ফেরার কথা থাকলেও নেইমার তা না করে হাসপাতালে গিয়ে নতুন করে পরীক্ষা করান, যা তার ফিটনেস পরিস্থিতি নিয়ে আরও ধোঁয়াশা তৈরি করেছে।

ব্রাজিলের কিছু গণমাধ্যমের দাবি, দলের মেডিক্যাল বিভাগ তাকে নকআউট পর্বের আগে পুরোপুরি ফিট করার লক্ষ্য নিয়ে কাজ করছে। অর্থাৎ গ্রুপ পর্বে তাকে মাঠে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য কাজ করছেন এবং শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী তার মাঠে ফেরা এখনো অনিশ্চিতই রয়ে গেছে।

প্রিন্ট

আরও সংবাদ