খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩

প্রযোজকের ক্ষতি ৪৫ কোটি রুপি, ৬ কোটিতে গাড়ি কিনলেন রণবীর সিং

খবর বিনোদন |
০৪:০৩ পি.এম | ১৬ জুন ২০২৬


মুম্বাইয়ের রাস্তায় নতুন বিলাসবহুল গাড়ি চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে নতুন গাড়ি কেনার এই আনন্দের মাঝেই তাঁর বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে আকস্মিক প্রস্থান এবং বিপুল অংকের আর্থিক ক্ষতির অভিযোগ নিয়ে তৈরি হওয়া আইনি বিতর্ক নতুন মোড় নিয়েছে।

গতকাল সোমবার মুম্বাইয়ের রাস্তায় রণবীর সিংকে একটি নতুন লাল রঙের ফেরারি গাড়ি চালাতে দেখা যায়। পথচারীদের ক্যামেরায় ধারণ করা সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রণবীরের নতুন গাড়িটি ‘ফেরারি ২৯৬ জিটিবি’ মডেলের, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ৩৬ লাখ রুপি। রণবীরের সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়িগুলোর মধ্যে এটি অন্যতম দামি সংস্করণ। সামাজিক মাধ্যমে ভক্তদের অনেকেই মন্তব্য করছেন, এই গাড়ির দাম মুম্বাইয়ের বেশ কয়েকটি বিলাসবহুল ফ্ল্যাটের চেয়েও বেশি।

তবে এই নতুন বিলাসবহুল গাড়ি কেনার খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন ‘ডন ৩’ সিনেমাটিকে কেন্দ্র করে ভারতীয় চলচ্চিত্র পাড়ায় বিতর্ক চরমে উঠেছে।

সিনেমাটির প্রযোজক ফারহান আখতার অভিযোগ করেছেন, একেবারে শেষ মুহূর্তে রণবীর সিং সিনেমাটি থেকে সরে দাঁড়ানোয় তাদের প্রায় ৪৫ কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিনেমা কর্মীদের সংগঠন ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ রণবীর সিংয়ের বিরুদ্ধে একটি ‘অসহযোগ নির্দেশিকা’ জারি করেছিল।

তবে রণবীরের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানোর পর সংগঠনটি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এ বিষয়ে রণবীর নিজে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও তাঁর মুখপাত্রের মাধ্যমে জানিয়েছেন, তিনি বর্তমানে এই বিষয়ে ‘পরিমিত নীরবতা’ বজায় রাখবেন।

বর্তমানে এই দ্বিপক্ষীয় বিরোধটি নিষ্পত্তির জন্য ‘ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন’ (ইমপা)-এর কাছে পাঠানো হয়েছে। সংগঠনটি উভয় পক্ষের যুক্তি ও চুক্তিপত্র খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমপা-এর সভাপতি অভয় সিনহা জানান, তাঁরা সিনেমার প্রাথমিক কাজের ব্যয় এবং দুই পক্ষের চুক্তিনামা খতিয়ে দেখবেন। ফারহান আখতারের দল ইতিমধ্যেই এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেছে।

অভয় সিনহা বলেন, ‘প্রযোজকেরা যদি সততার সঙ্গে ৪৫ কোটি রুপি ব্যয় করে থাকেন এবং চুক্তিপত্র স্বাক্ষরিত হয়ে থাকে, তবে আমরা দুই পক্ষকে নিয়ে বসব এবং বিষয়টি সমাধানের চেষ্টা করব। তারা চাইলে আদালতে যেতে পারেন। তবে আমরা শুধু প্রযোজকদের পক্ষ নেব না, যিনি সঠিক আমরা তাঁর পক্ষেই দাঁড়াব।’

কাজের ক্ষেত্রে রণবীর সিংকে সর্বশেষ দেখা গেছে তাঁর অত্যন্ত সফল ফ্র্যাঞ্চাইজি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর দ্বিতীয় কিস্তিতে। ভারতের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম এই সিরিজটি এ পর্যন্ত প্রায় ৩ হাজার কোটি রুপি আয় করেছে।

প্রিন্ট

আরও সংবাদ