খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি |
১১:৫৮ পি.এম | ১৬ জুন ২০২৬


ইসলামের মহান আদর্শ প্রচার, আলেম ও ইমামদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা এবং ইমামদের সম্মান ও অধিকার সুরক্ষায় নড়াইল জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে ইফা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে সভায় ইমামদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির, জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ওয়াকিউজ্জামান, নড়াইল জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মোঃ জাকারিয়া।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ও তাদের মাঝে নৈতিক চেতনা জাগ্রত করতে ইমামদের বড় ভূমিকা রয়েছে। সমাজে ইসলামের প্রকৃত ও সুমহান আদর্শ তুলে ধরা এবং সব ধরনের বিভ্রান্তি ও কুসংস্কার দূর করতে পারে ইমাম সমাজ। যৌতুক, বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে ইমামগণ বড় ভূমিকা রাখতে পারে। সমাজে ইমামদের সৃজনশীল নেতৃত্ব বিকাশে পেশাগত মানোন্নয়ন ও ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার ও ইসলামিক ফাউন্ডেশন নিয়মিতভাবে জাতীয় ও জেলা পর্যায়ে সম্মেলন ও বিভিন্ন ধরণের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ২শ’ ইমাম উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ