খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মনা

খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক |
০১:২২ এ.এম | ১৭ জুন ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা। মঙ্গলবার বেলা ১১টার দিকে কেডিএ ভবনে দায়িত্ব গ্রহণ করেন তিনি। শফিকুল আলম মনা সংস্থাটির ৩২তম চেয়ারম্যান। ১৯৬১ সালের ২১ জানুয়ারিতে প্রতিষ্ঠিত সংস্থাটিতে গত ২৮ বছর সামরিক কর্তা ব্যক্তিরা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে সংস্থাটিতে বেসামরিক চেয়ারম্যান নিয়োগের দাবি করে আসছিলেন খুলনার নাগরিক নেতারা।
দায়িত্ব গ্রহণের পর সংস্থার নতুন চেয়ারম্যান খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  তিনি বলেন, ‘খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।’
নবনিযুক্ত চেয়ারম্যান আরও বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক পরিকল্পনার মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।
তিনি বিএনপি-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত এ গুরুত্বপ‚র্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করেন।
ইজাজুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১ টার দিকে কেডিএ মিলনায়তনে বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাগীর হোসেনকে বিদায় এবং নবনিযুক্ত চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনাকে বরণ উপলক্ষে অনুষ্ঠানে অয়োজন করা হয়। কেডিএ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশিদ, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির নবনির্বাচিত পরিচালক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি, সাবেক সংসদ সদস্য সৈয়দ নার্গিস আলী, জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তফসীর আহমেদ, অধ্যাপক মনিরুল হক বাবুল প্রমুখ।
বক্তব্যের একপর্যায়ে সদ্য বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাগীর হোসেনের ভ‚য়সী প্রশংসা করে নতুন চেয়ারম্যান বলেন, তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি। কেডিএ’র উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সীমাবদ্ধতার মধ্যেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছেন। 
বিদায়ী চেয়ারম্যানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তাঁকে দীর্ঘদিন মনে রাখবে। অতীতে যেমন অনেক সফল চেয়ারম্যানের অবদান স্মরণ করা হয়, তেমনি খুলনার উন্নয়নে তাঁর ভ‚মিকাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। 
অনুষ্ঠানে কেডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিদায়ী চেয়ারম্যানের কর্মময় জীবনের সাফল্য তুলে ধরে বক্তৃতা করেন । অনুষ্ঠানে কে ডি এর কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিএনপি'র মহানগরের বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনার হাতে সংস্থার দায়িত্ব তুলে দেন বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাংগীর হোসেন।
এর আগে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও  বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে শফিকুল আলম মনাকে যোগদানের তারিখ থেকে আগামী এক বছর মেয়াদে কেডিএ’র চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব মোঃ গোলাম রব্বানী সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ প্রজ্ঞাপন জারি করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ