খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

বিগত এক দশকে বৃদ্ধির হার প্রায় ৪৯.১২ শতাংশ

খুলনা বিভাগে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৪৪৫

তথ্য বিবরণী |
০২:২৮ এ.এম | ১৮ জুন ২০২৬


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতায় পরিচালিত অর্থনৈতিক শুমারি, ২০২৪ এর প্রতিবেদন প্রকাশ বিষয়ক সেমিনার বুধবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।
খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ সাজাদুর রহমান রাসেল। সেমিনারে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তৃতা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আইয়ুব হোসেন।
মুলপ্রবন্ধে জানানো হয়, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’ এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে CAPI (Computer Assisted Personal Interviewing) এবং জিআইএস (GIS) ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে (দু’টি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ তথা সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালে। এ শুমারিতে মোট ৮৭,৪১৯টি গণনা এলাকা গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়। 
শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপর দিকে, খুলনা বিভাগে বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৪৪৫টি, যার মধ্যে স্থায়ী ৭ লাখ ৭ হাজার ৬৭৬টি, অস্থায়ী ৬১ হাজার ৮৬৮টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৭ লাখ ১৯ হাজার ৯০১টি। ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৯ লাখ ৯৮ হাজার ৭৯১টি। অর্থাৎ বিগত এক দশকে খুলনা বিভাগে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৪৯.১২ শতাংশ। সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ