খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশিসহ বিদেশিদের জন্য দুঃসংবাদ সৌদি আরবের

খবর প্রতিবেদন |
০১:৫৬ এ.এম | ১৯ জুন ২০২৬


নতুন প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানিগুলোর জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে সৌদি আরব। এখন থেকে নতুন কোম্পানিগুলোর জন্য তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ওয়ার্কিং ভিসার সর্বোচ্চ সংখ্যা কমিয়ে পাঁচটি করা হয়েছে। অর্থাৎ নতুন কোনো কোম্পানি খোলার পর শুরুতেই তারা সর্বোচ্চ পাঁচজন বিদেশি কর্মী নেওয়ার সুযোগ পাবে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম কিউয়া।
দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ ও বাজারের প্রকৃত প্রয়োজন অনুযায়ী কর্মী নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। হুট করে অতিরিক্ত বিদেশি কর্মী আনা বন্ধ করতে ও স্থানীয় শ্রমবাজারের শৃঙ্খলা বজায় রাখতেই এই ভিসার সংখ্যা সীমিু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে গালফ নিউজ।
কিউয়া জানিয়েছে, দুই বছরের কম সময় ধরে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ পাঁচটি তাৎক্ষণিক (ইনস্ট্যান্ট) ভিসার জন্য যোগ্য হবে। দুই বছরের বেশি পুরোনো কোম্পানিগুলোর ক্ষেত্রে একটি একক আবেদনে অথবা একই সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে একাধিক আবেদন জমা দেওয়ার মাধ্যমে এই সীমা বেড়ে ৫০টি ভিসা পর্যন্ত হবে।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, এস্টাবলিশমেন্ট প্রোগ্রামে নথিভুক্ত ও প্রয়োজনীয় মানদÐ পূরণকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রাথমিকভাবে দু’টি ভিসা পাবে। তাদের সৌদিকরণের হার বাড়ানোর পর অতিরিক্ত ভিসা বরাদ্দের সুযোগ থাকবে।
কিওয়া বিদেশ থেকে অ-সৌদি কর্মী নিয়োগের জন্য ১০টি শর্তও উল্লেখ করেছে। এগুলোর মধ্যে রয়েছে ব্যবসার সক্রিয় অবস্থা বজায় রাখা, কর্মীদের জন্য বৈধ ওয়ার্ক পারমিট থাকা, বৈধ বাণিজ্যিক নিবন্ধন থাকা, মিডিয়াম গ্রিন ক্যাটাগরি বা তার ওপরে থেকে সৌদিকরণের শর্ত পূরণ করা, মজুরি সুরক্ষা ব্যবস্থা মেনে চলা এবং আবশের বা মুকিমের মতো সরকারি প্ল্যাটফর্মে পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখা।
অতিরিক্ত আবশ্যিক শর্তাবলির মধ্যে রয়েছে ১০ বা ততোধিক কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বার্ষিক স্ব-মূল্যায়ন পরিপালন, কিউয়া প্ল্যাটফর্মে কর্মীদের কর্মস্থল নিবন্ধন করা, নিয়োগকর্তার বয়স কমপক্ষে ১৮ বছর নিশ্চিত করা এবং ভিসার প্রকারভেদের ওপর ভিত্তি করে পর্যাপ্ত নিয়োগ কোটার ভারসাম্য বজায় রাখা।

প্রিন্ট

আরও সংবাদ