খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

কেকেবিএইউতে সেমিনারে বক্তারা

খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষা, মানবিকতা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ১৯ জুন ২০২৬


খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার অবিভক্ত বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ)-এর অবদান শীর্ষক সেমিনার স্থানীয় অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। 
তিনি বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) জীবনব্যাপী মানব কল্যাণে কাজ করে গেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণই ছিল তাঁর অভীষ্ট। শিক্ষা, সামাজিক ও আত্মিক উন্নয়নে তাঁর নিবেদিত প্রাণ ভ‚মিকা আমাদের জন্য অনুস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, মানবকল্যাণে তাঁর প্রতিষ্ঠিত ঢাকা আহ্ছানিয়া মিশন সারা দেশে জনহিতৈষী কর্মযজ্ঞে নিবেদিত। দেশের বিপুল জনগোষ্ঠী এই মিশনের নানামুখী প্রচেষ্টায় শিক্ষা,স্বাস্থ্য, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিকভাবে উপকৃত ও পুনর্বাসিত হচ্ছে। তিনি আরও বলেন ঢাকাস্থ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে। 
বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডাঃ এম এ জলিল। মূখ্য আলোচক ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস এম খলিলুর রহমান।  সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। 
কেকেবিএইউ’র আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। সেমিনারটি পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালকড. মোঃ মুঈন উদ্দিন এবংদোয়া পরিচালনা আইকিউএসি’র অপর অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন আইএসএলএম বিভাগের প্রভাষক মোঃ নাজিম। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ