খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

রূপসার কুদির বটতলা শ্রীশ্রী শ্মশান কালী মাতার বাৎসরিক পূজা ও মেলা আজ

রূপসা প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ২০ জুন ২০২৬


খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী তিলক কুদির বটতলা শ্রীশ্রী শ্মশান কালী মাতার নিয়মিত বাৎসরিক পূজা আজ শুরু হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত জাগ্রত ও পবিত্র এই দেবীর বাৎসরিক পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও তিলক এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ বছর মায়ের বাৎসরিক পূজা উপলক্ষে মূল ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি ঐতিহ্যবাহী কবিগান এবং বিশাল ধর্মীয় মেলার আয়োজন করা হয়েছে। মায়ের পূজায় প্রতি বছরই হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। উৎসবকে সুন্দর, সুশৃঙ্খল এবং সফলভাবে সম্পন্ন করতে মন্দির কমিটির সভাপতি বিকাশ মিত্র ইতিমধ্যে বিভিন্ন নানামুখী কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করেছেন। মন্দির প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়।
এ বছরের মায়ের পূজার অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু ,মোল্লা খায়রুল ইসলাম, খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডাক্তার প্রদীপ দেবনাথ।
তিলক কুদির বটতলার এই শ্মশান কালী পূজার রয়েছে সুদীর্ঘ ইতিহাস এবং গৌরবময় ঐতিহ্য। গভীর ভক্তি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা রাতব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শত বছরের পুরোনো এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিলনমেলায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে উপস্থিত হয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ এবং মেলা প্রাঙ্গণ মুখরিত করার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি বিকাশ মিত্র।
 

প্রিন্ট

আরও সংবাদ