খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

কালীগঞ্জে অবসরপ্রাপ্ত এএসপির ওপর মাদক বিক্রেতাদের হামলা, গ্রেফতার ২

ঝিনাইদহ ও কালীগঞ্জ প্রতিনিধি |
১২:৪৮ এ.এম | ২০ জুন ২০২৬


ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনসহ পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আড়পাড়া দর্গার পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। মামলায় মোঃ রিপন, মোঃ শিবলু, মোঃ মিলন হোসেন, নাজমুল হোসেন, নাজমা বেগম ও মোঃ কাজলসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে শিবলু ও মিলন হোসেনকে আটক করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করে। প্রতিবাদ করলে হামলাকারীরা লাঠি, কাঠের বাটাম ও ধারালো অস্ত্র দিয়ে আনোয়ার হোসেনকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত ধারালো রামদা দিয়ে আনোয়ার হোসেনের মাথায় কোপ দেয়। পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ করা হয়।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। দুই আসামিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

প্রিন্ট

আরও সংবাদ