খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

জামায়াত নেতার বক্তব্য মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত দূরভিসন্ধিমূলক : নগর বিএনপি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫১ এ.এম | ২০ জুন ২০২৬


জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কর্তৃক বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার প্রশাসন ও বিএনপি’র রাজনৈতিক স্লোগান নিয়ে দেওয়া আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ। খুলনা প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন জামায়াত নেতা এসব আপত্তি বক্তব্য দেন। 
গতকাল শুক্রবার বিবৃতিতে নগর বিএনপি’র সভাপতি ও কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, মনগড়া, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক দূরভিসন্ধিমূলক। দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর যখন দেশ এক নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরণের বিভ্রান্তিকর বক্তব্য জনগণের ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা মাত্র।
বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার সস্তা রাজনৈতিক হাততালি পাওয়ার জন্য অত্যন্ত কুরুচিপূর্ণভাবে বিএনপি’র স্লোগান পরিবর্তনের ধৃষ্টতা দেখিয়েছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই- ‘সবার আগে বাংলাদেশ’ কেবল একটি স্লোগান নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের জাতীয়তাবাদী চেতনা এবং আমাদের অস্তিত্বের প্রতীক। এই স্লোগান পরিবর্তনের উপদেশ দেওয়া জামায়াতের মতো দলের মুখে মানায় না। যারা সবসময় নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থকে দেশের চেয়ে বড় করে দেখেছে, তাদের কাছ থেকে জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতির পাঠ নিতে হবে না। দলীয়করণের অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন; সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও কেডিএ’তে প্রশাসক বসিয়ে বিএনপি’র ‘দলীয়করণ’ করার যে অভিযোগ জামায়াত সেক্রেটারি জেনারেল করেছেন, তাকে ‘শতাব্দীর সেরা কৌতুক’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি নেতারা।
তারা বলেন, নির্বাচিত সরকারের মেয়াদ মাত্র চার মাস হলো; এর আগে অন্তর্বতীকালীন সরকার দেশ পরিচালনা করেছে। এই ক্রান্তিকালে রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে এবং জনস্বার্থে স্থানীয় সরকার বিভাগ আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে বিএনপি’র একক কোনো সিদ্ধান্ত বা দলীয়করণের সুযোগ নেই। অথচ জামায়াত নেতা অতীতের স্বৈরাচারী আমলের দলীয়করণের সাথে এর তুলনা করে মূলত বর্তমান জনবান্ধব প্রক্রিয়ার ওপরই আঘাত হানার চেষ্টা করছেন।
খুলনা মহানগর বিএনপি’র শীর্ষ নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রেখে বিএনপি সর্বদা সহনশীল ও দায়িত্বশীল রাজনীতি করে আসছে। জামায়াতে ইসলামীকে এই ধরনের উসকানিমূলক, একতরফা ও আক্রমণাত্মক বক্তব্য থেকে বিরত থাকার আহŸান জানিয়ে তারা বলেন, নিজেদের সস্তা রাজনৈতিক ফায়দা লুটতে দয়া করে দেশের ৭০ ভাগ মানুষের দোহাই দিয়ে মিথ্যাচার করবেন না। খুলনার শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জবাব দিতে খুলনা মহানগর বিএনপি সদা প্রস্তুত রয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ