খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫১ এ.এম | ২০ জুন ২০২৬


দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার প্রথম মৃত্যুবার্ষিকী আজ শনিবার, ২০ জুন। ২০২৫ সালের এই রাতে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি। মাত্র ৪৫ বছর বয়সে তার এই অকাল প্রয়াণে সহকর্মীদের মাঝে যে শোকের ছায়া নেমে এসেছিল, তা আজও বিরাজমান।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মামুন রেজা প্রতিষ্ঠালগ্ন থেকেই সমকাল ও চ্যানেল ২৪-এর খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরোতে স্টাফ রিপোর্টার হিসেবেও কর্মরত ছিলেন।
মামুন রেজা সাংবাদিকদের বিভিন্ন মর্যাদাশীল সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি চারবার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দুইবার খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি এবং খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার বাদ আসর সমকাল ও চ্যানেল ২৪ কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের একমাত্র সন্তান জাওয়াদ রেজা, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামসহ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এড. মোমিনুল ইসলামসহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরাপার্সন উপস্থিত ছিলেন। পাশাপাশি মরহুমের পরিবারের পক্ষ থেকে দিঘলিয়া উপজেলার নিজ গ্রামেও মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সমকালের স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়, ক্যামেরাপারসন জাহিদুল ইসলাম, চ্যানেল ২৪ খুলনার স্টাফ রিপোর্টার বেল্লাল হোসেন সজল ও ক্যামেরাপারসন জাকারিয়া তুষার উপস্থিত ছিলেন।
 

প্রিন্ট

আরও সংবাদ