খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৮ আষাঢ় ১৪৩৩

হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু: আক্রান্ত ছাড়াল ৯১ হাজার

খবর প্রতিবেদন |
০৪:১১ পি.এম | ২০ জুন ২০২৬

 

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে (সন্দেহজনক) আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৪ জনে। একই সাথে দেশে মোট সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯১ হাজার ছাড়িয়েছে।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯ জুন সকাল ৮ টা থেকে ২০ জুন সকাল ৮ টা পর্যন্ত দেশে নতুন করে ৮০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৮০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশের মধ্যে ঢাকা বিভাগে হামের প্রকোপ ও মৃত্যু সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রেকর্ড ৩২৬ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং এই বিভাগেই মারা গেছেন ৬ জন। এছাড়া বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট মৃত্যুর পরিসংখ্যানেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে এ পর্যন্ত ২৪৭ জন সন্দেহজনক এবং ৫৭ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ