খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৮ আষাঢ় ১৪৩৩

যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা চলছেই, নিহত ১১

খবর প্রতিবেদন |
০৬:২৪ পি.এম | ২০ জুন ২০২৬


ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টাও পেরোনোর আগেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান, ড্রোন এবং কামানের আঘাতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী এক ডজনেরও বেশি এলাকা লক্ষ্য করে এই হামলা চালায়, যার বেশিরভাগই নাবাতিহ শহরের কাছাকাছি।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহ ৫০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তারা হিজবুল্লাহর আস্তানায় পাল্টা হামলা চালিয়েছে।

বিবিসি লিখেছে, লেবাননে ইসরায়েলের এ চলমান সামরিক অভিযানের সমালোচনা করেছে ওয়াশিংটন। গত মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালালে লেবানন কার্যত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়ে।

ওয়াশিংটনের আশঙ্কা, ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চলতে থাকলে তা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তিকে বাধাগ্রস্ত করতে পারে। ওই চুক্তিতে লেবাননসহ ‘সব ফ্রন্টে’ যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি রয়েছে। তেহরানও জোর দিয়ে বলেছে, যুদ্ধ অবসানের যেকোনো বৃহত্তর চুক্তিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।

এ চুক্তিকে আরও মজবুত করতে এবং প্রাথমিক আলোচনা সারতে মার্কিন দূত স্টিভ উইটকফ সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

সবশেষ বিমান হামলা নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এক মুখপাত্র বলেছিলেন, তাদের বাহিনী ‘তাৎক্ষণিক হুমকি দূর করার কাজ অব্যাহত রাখবে’।

ইরান সমর্থিত লেবাননের শিয়া মুসলিম রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর নিজের দেশে চাপ রয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তারাও পাল্টা আক্রমণ চালিয়ে যাবে।

হোয়াইট হাউস চলতি সপ্তাহের শুরুর দিকে লেবাননে ইসরায়েল সরকারের সামরিক অভিযানের সমালোচনা করে বলেছিল, এর ফলে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে ওয়াশিংটনের কাছে নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানের মোড়ক উন্মোচনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রশংসা করে তাকে একজন ‘যোদ্ধা’ বলে বর্ণনা করেন।

হিজবুল্লাহ গত মার্চের শুরুতে যখন ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালালে তার পাল্টায় লেবাননজুড়ে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। নিজেদের উত্তর সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের হটিয়ে দেওয়ার উদ্দেশে ইসরায়েল বর্তমানে লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৫ শতাংশ এলাকা দখল করে রেখেছে।

এই সংঘাতের ফলে লেবাননে এখনো প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আছেন এবং দক্ষিণাঞ্চলের বহু এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রিন্ট

আরও সংবাদ