খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৮ আষাঢ় ১৪৩৩

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয়: মির্জা ফখরুল

খবর প্রতিবেদন |
০৬:৪৭ পি.এম | ২০ জুন ২০২৬

 

বর্তমান সরকারি দল বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও মন্তব্য তার।

শনিবার (২০ জুন) বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ঝুঁকিপূর্ণ কাঠেরপুল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।  

এ সময় স্থানীয়দের দ্রুত সময়ের মধ্যে পাঁকা প্রশস্ত সেতু নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। এর আগে এলজিআরডি মন্ত্রীর কাছে নানা সমস্যার কথা উল্লেখ করে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে এসে পাকা সেতু নির্মাণের দাবি জানান স্থানীয়রা।

পরে দুপুরে একই এলাকায় মুন্সিগঞ্জের জুলাই আন্দোলনে নিহত তিন শহীদ সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নূর মোহাম্মদ ডিপজলের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব।

এরপরে বিকেলে মুন্সিগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে জেলার অবকাঠামগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে বর্তমান সরকারের বাজেট দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে বলে দাবি করেন তিনি। এ সময় অনুষ্ঠানে নিজ হাতে তিনি আর্থিক অনুদানের চেক তুলে দেন মুন্সিগঞ্জের জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে।

এর আগে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, ‘বিএনপি একমাত্র দল, যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করে আসছে।’

বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়- বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের গতকালের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। জনগণের সমর্থনে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচিন হবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে হবে কাজ করে যাচ্ছেন।’

এ সময় তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর আসন্ন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেন সাংবাদিকদের কাছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে উভয় পক্ষের দুই দেশের মর্যাদা রক্ষা করে, স্বার্থ রক্ষা করে- এমন চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।

এর আগে বিএনপি মহাসচিব সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাজার মার্কেট ভবনের উদ্বোধনসহ একটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেখানে মন্ত্রী স্থানীয়দের উদ্দেশে এক বক্তব্যে বলেন, বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই সময়ের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।

এদিন মহাসচিবের দিনব্যাপী নানা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

প্রিন্ট

আরও সংবাদ