খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক |
০৩:৩৬ পি.এম | ২১ জুন ২০২৬


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা প্রধান সড়কের নওদা বন্ডবিল কবরস্থানসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুণ্ডু গোপন সংবাদের ভিত্তিতে নওদা বন্ডবিল কবরস্থানসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতার হলেন: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সুজন আলী ওরফে সুজন শেখ (৩৫), কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের শরিফুল ইসলাম (৪৫) এবং কুষ্টিয়া সদরের হরিপুর বোয়ালদহ গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনা (৫২)।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি আধুনিক চাইনিজ কুড়াল, একটি লোহার হাঁসুয়া, একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান, ২০ হাত নাইলনের রশি এবং একটি সিমেন্টের বস্তা উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এই চক্রটির সঙ্গে আরও পাঁচজন এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত জড়িত রয়েছে। গ্রেফতার, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ