খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে ৫৯ জনের সাজা: সংসদে আইনমন্ত্রী

খবর প্রতিবেদন |
০৫:৪৩ পি.এম | ২১ জুন ২০২৬

 

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া সাতটি মামলায় ৫৯ জনকে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (২১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নটি লিখিতভাবে উত্থাপন করা হয় এবং তার জবাব দেওয়া হয়।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের বা রুজু হয়েছে। এর মধ্যে সাতটি মামলার রায় হয়েছে এবং বাকি ৭৩টি মামলার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, চলমান ৭৩টি মামলার মধ্যে ২২টি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। বাকি ৫১টি মামলা তদন্তাধীন।

নিষ্পত্তি হওয়া সাতটি মামলায় মোট ৫৯ জনকে সাজা দেওয়া হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্তদের মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩। এর মধ্যে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক রয়েছেন ২৮৮ জন। এ ছাড়া একজন আসামি মারা গেছেন এবং একজন খালাস পেয়েছেন।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলাগুলোর বিচারিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে এসব মামলার নিষ্পত্তি করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ