খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

চার জেলায় বজ্রাঘাতে তিন মাদ্রাসাছাত্রসহ ৯ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
১২:২৭ এ.এম | ২২ জুন ২০২৬


ঢাকার সাভার, নরসিংদী, মানিকগঞ্জ ও নেত্রকোনায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুর থেকে সন্ধ্যার মধ্যে চার জেলায় এসব ঘটনা ঘটে।

এর মধ্যে রোববার বিকেলে ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামে মাঠে করার সময় বজ্রপাতে তিন শ্রমিকের মৃত্যু হয়।

মৃতরা হলেন সাভারের বলিয়ারপুর পাঁচ আনি পাড়া এলাকার দ্বীন ইসলাম ওরফে কুদি বেপারী, রংপুরে মিঠাপুকুর উপজেলার গিরাই এলাকার দুলাল এবং রাজবাড়ির পাংশা উপজেলার হাবাসপুর গ্রামের আলী প্রামাণিক।

সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমরান হোসেন জানান, নিচু জমিতে কৃষিকাজ করছিলেন ওই তিন শ্রমিক। বিকেল চারটার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেন।

নরসিংদীতে তিন মাদ্রসাছাত্রের মৃত্যু
মাগরিবের নামাজ পড়ার জন্য ওজু করার সময় নরসিংদীর মনোহরদী উপজেলায় মদিনাতুল উলুম মাদ্রাসার তিন ছাত্র মারা যায়।

মৃতরা হলো ১৫ বছরের জহিরুল হক, ১৪ বছরের আবু রায়হান ও ১৫ বছরের আবু জাফর। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, অজু করার সময় বজ্রাঘাতে চার ছাত্র আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, বজ্রাঘাতে আহত আবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তিনজনকে মৃত অবস্থায় পাই। আরেকজন চিকিৎসাধীন আছে।

নেত্রকোনায় গরু নিয়ে ফেরার পথে মৃত্যু
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামে রোববার দুপুরে বাড়ির পেছন থেকে গরু নিয়ে ফেরার পথে জাহাঙ্গীর আলম নামে একজনের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার জানান, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। জাহাঙ্গীর আলম নিজ বাড়ির পেছন থেকে থেকে গরু নিয়ে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি অচেতন হয়ে পড়েন। আশেপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জে মাঠে দুই কৃষকের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার কাঞ্চননগর এলাকায় রোববার বিকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন কাঞ্চননগর এলাকার নেওয়াজ পীর সাহেবের ছেলে কবির হোসেন এবং একই এলাকার রফি আহমেদের ছেলে শহিদুল ইসলাম।

স্বজনরা জানান, কবির ও শহিদুল মাঠে কৃষি কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। আকস্মিক বজ্রপাতে দুজনে আহত হন। মাঠের অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরের জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, বর্ষাকালে খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য আরও সচেতন হওয়া জরুরি।

প্রিন্ট

আরও সংবাদ