খুলনা | মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

ঢাকায় অভিযানে খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

খবর প্রতিবেদন |
০২:১২ পি.এম | ২২ জুন ২০২৬

 

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠীর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) কেএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

তিনি জানান, খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেএমপির উদ্যোগে গত ১ থেকে ২০ জুন পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শেখপাড়া মেইন রোডের বাসিন্দা মো: রুহুল আমিনের ছেলে মো: তুুষার শিকদার (৩৮), গোবরচাকা এলাকার বাসিন্দা এসএম আইয়ুব আলীর ছেলে মো: আবরার ফয়সাল বাদিন(২৪), শেখপাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে মো: আল আমিন (২৯), সোনাডাঙ্গা নবীনগর খালাসি মাদ্রাসা এলাকার বাসিন্দা গাউসুল আজমের ছেলে মো: আসিফ (২৫) ও টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা মো: সাজ্জাদ হোসেন সাব্বির (১৮)।

ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার চিহ্নিত ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া গ্রেপ্তারদের কাছ থেকে খুলনায় সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে ডিবি ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ