খুলনা | মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

লস অ্যাঞ্জেলসের ড্রেসিংরুমে ইরানের চিরকুট, কী লেখা রয়েছে জানেন

ক্রীড়া প্রতিবেদক |
০৩:০৮ পি.এম | ২২ জুন ২০২৬

 

চলতি বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে চলেছে ইরান জাতীয় ফুটবল দল। টুর্নামেন্টের শুরুতেই গ্রুপ ‘জি’-তে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে ‘টিম মেলি’ খ্যাত দলটি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর, দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় পরাশক্তি বেলজিয়ামকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে তারা। বেলজিয়ামের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই বীরত্বপূর্ণ ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন চিঠি রেখে গেছে ইরানি শিবির।

ইরানের বার্তা সংস্থা আইএসএন-এর প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়াম ম্যাচ শেষে মাঠ ছাড়ার আগে ড্রেসিংরুমে সমর্থকদের উদ্দেশে একটি হাতে লেখা চিঠি রেখে যায় পুরো দল। চিঠিতে প্রাচীন পারস্যের গৌরবগাঁথা স্মরণ করে লেখা হয়- ‘হাজার বছরের প্রাচীন পারস্য থেকে শুরু করে আজকের সভ্য ইরান। আমাদের এই আত্মিক শক্তি সবসময় জীবিত এবং অবিচল থাকবে।’

লস অ্যাঞ্জেলেসের প্রবাসী ইরানি ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে চিঠিতে আরও বলা হয়— ‘আমরা অত্যন্ত গর্বের সাথে লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম, সম্মানের সঙ্গে লড়াই করেছি এবং মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। লস অ্যাঞ্জেলেস, তোমাদের এই চমৎকার আতিথেয়তার জন্য ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ জানাই সেইসব ইরানি ভাইবোনদের, যারা মাঠের লড়াইয়ের এই ১৮০ মিনিটের প্রতিটি সেকেন্ডে গ্যালারি থেকে আমাদের বুকভরা সমর্থন ও ভালোবাসা জুগিয়েছেন। পৃথিবীর সব জাতির মধ্যে শান্তি, শ্রদ্ধা আর বন্ধুত্ব বজায় থাকুক।’

বেলজিয়ামের আক্রমণভাগকে রুখে দেওয়ার মূল নায়ক ছিলেন ইরানের ৩৩ বছর বয়সী অভিজ্ঞ গোলকিপার আলিরেজা বেইরানভান্দ। পুরো ম্যাচ জুড়ে একের পর এক দুর্দান্ত সেভ করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান তিনি। পরিসংখ্যান বলছে, ম্যাচে তিনি একাই ৭টি চোখধাঁধানো সেভ করেছেন, যার মধ্যে ৪টি ছিল ডাইভিং সেভ। এমনকি নিশ্চিত গোল হতে যাওয়া অন্তত ১.৭০টি শট তিনি একাই প্রতিহত করেন।

এমন অতিমানবীয় পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কারও জিতেন এই গোলরক্ষক। ম্যাচের ৬৬ মিনিটে বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইউরোপের দলটি। সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচ থেকে মহামূল্যবান ১টি পয়েন্ট ছিনিয়ে নেয় ইরান।

টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-র টেবিলের দ্বিতীয় স্থানে মজবুত অবস্থানে রয়েছে ইরান। এই পারফরম্যান্স তাদের নকআউট পর্বে (শেষ বত্রিশ) যাওয়ার স্বপ্নকে বেশ ভালোভাবেই বাঁচিয়ে রাখল। নিউজিল্যান্ডকে হারিয়ে এই গ্রুপের শীর্ষে অবস্থান করছে মিশর। অন্যদিকে, তলানিতে থাকা নিউজিল্যান্ডের ওপরে ৩ নম্বরে রয়েছে বেলজিয়াম।

নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে আগামী শনিবার গ্রুপ পর্বের শেষ ও ভাগ্যনির্ধারক ম্যাচে মিশরের মুখোমুখি হবে ইরান। এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে এবার তারা পাড়ি জমাবে সিয়াটলে, যেখানে একটি ইতিবাচক ফলাফলই তাদের পৌঁছে দেবে বিশ্বকাপের পরের রাউন্ডে।

প্রিন্ট

আরও সংবাদ