খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ার শোভনায় এলজিইডির পাকা সড়কে ৩০ ফুট ফাটল, যাতায়াত ঝুঁকিতে জনগণ ‎

শেখ সিরাজুল ইসলাম, ডুমুরিয়া |
০২:০২ এ.এম | ২৩ জুন ২০২৬


‎খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত একটি পাকা সড়কের প্রায় ৩০ ফুট ফাটল ধরে দেবে গেছে। ফলে সড়কটি দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উপজেলার পশ্চিম শোভনা চৌরাস্তা-জিয়ালতলা অভিমুখে পাকা সড়কের আড়ুয়াখালী নামক স্থানে এ ফাটল দেখা দিয়েছে।
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই/তিন বছর পূর্বে পশ্চিম শোভনা চৌরাস্তা-জিয়ালতলা অভিমুখে পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় তিন কিলোমিটার কার্পেটিং করা হয়। সা¤প্রতিক বৃষ্টি, সড়কের পাশে খাল খনন ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে সড়কের আড়ুয়াখালী নামক স্থানে ফাটল ও ধসের সৃষ্টি হয়েছে। এতে ভারী যানবাহন চলাচলের ফলে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, উৎপাদিত কৃষি পণ্য ও মৎস্য বহনকারী যানবাহন, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীরা এই সড়ক ব্যবহার করলেও দুর্ঘটনার আশঙ্কায় তারা উদ্বিগ্ন।
কথা হয় সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বাচ্চু, প্রভাষক এম এম হুমায়ুন কবির, মহিলা দল নেত্রী রহিমা বেগমসহ অনেকের সাথে। তারা একই সুরে সুর মিলিয়ে বলেন, প্রায় সপ্তাহখানেক ধরে সড়কটির বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। 
ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য বলেন, বিষয়টি নিয়ে আমি এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি, তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। প্রয়োজনে আমার ইউপি তহবিল থেকেও সহযোগিতা করা হবে। ‎এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা মুহাম্মদ দারুল হুদা বলেন, বিষয়টি আমার নলেজে রয়েছে। উর্ধ্বতন মহলকে অবহিত করে দ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে।‎

প্রিন্ট

আরও সংবাদ