খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

সাংবাদিকের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, ৩ সদস্যের কমিটি গঠন

খবর প্রতিবেদন |
০৩:৪৪ পি.এম | ২৩ জুন ২০২৬

 

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেনের সই করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ ধানমন্ডিতে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে, তার ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার পেছনে জামায়াতের কর্মসূচিতে কোনো গুপ্তচর ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে কি না—তা খতিয়ে দেখতে ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিককে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালের (বুধবার) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতের কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। হামলার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হামলার ঘটনার পরপরই ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন আহত দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ-খবর নিতে হাসপাতালে যান। তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সাংবাদিকদের ধৈর্য ধরার অনুরোধ জানান।

এর আগে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ব্রিফিং চলাকালে জামায়াত নেতাকর্মীরা কথা কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

প্রিন্ট

আরও সংবাদ