খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

বাংলা কিউআরে সরকারি ফি গ্রহণের আহ্বান গভর্নরের

খবর প্রতিবেদন |
১১:৩২ পি.এম | ২৩ জুন ২০২৬

 

সরকারি বিভিন্ন সেবা ফি ও চার্জ আদায়ে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রান্তিক মানুষের কাছে ডিজিটাল লেনদেনের সুবিধা পৌঁছে দিতে একক প্ল্যাটফর্ম হিসেবে বাংলা কিউআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশব্যাপী বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাস্তবায়নের লক্ষ্যে গভর্নরকে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

বৈঠকে গভর্নর বলেন, বাংলা কিউআর চালুর ফলে নগদ টাকা ছাপানো, সংরক্ষণ ও পরিবহনের ব্যয় কমবে। একই সঙ্গে গ্রাহকরা সহজে বিভিন্ন বিল ও সরকারি ফি পরিশোধ করতে পারবেন। এতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং ডিজিটাল আর্থিক সেবার সুবিধা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও পাবে।

তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে বাংলা কিউআরের মাধ্যমে ফি ও চার্জ গ্রহণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

গভর্নর আরও বলেন, আগামী অর্থবছরের শুরু থেকে সীমিত পরিসরে বাংলা কিউআর চালুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। পর্যায়ক্রমে এর ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক (আইটি) মুহাম্মদ জাকির হোসেন, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক সরওয়ার হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাণিজ্যিক ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ