খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

নগরীর যানজট-জলাবদ্ধতা প্রসঙ্গে কেসিসি প্রশাসক মঞ্জু

কেডিএ’র নির্মাণাধীন তিনটি সড়ক, গল্লামারী ব্রিজ ও সোনাডাঙ্গা বাইপাসের কাজ শেষ করা এখন বড় চ্যালেঞ্জ

খবর বিজ্ঞপ্তি |
০৩:১৩ এ.এম | ২৪ জুন ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরীর যানজট, জলাবদ্ধতা, কেডিএ কর্তৃক নির্মাণাধীন ৩টি সড়ক, গল্লামারী ব্রিজ ও সোনাডাঙ্গা বাইপাসের কাজ শেষ করা এখন বড় চ্যালেঞ্জ। তবে গল্লামারী ব্রিজের নির্মাণ কাজ শিগগিরই শেষ হবে। সড়কগুলি নির্মাণাধীন থাকায় সড়ক সংলগ্ন কালভার্টগুলি দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে উল্লেখ করে তিনি বলেন, নগরীর প্রবেশ পথগুলি ঠিক হলে জলাবদ্ধতারও অনেকটা সমাধান হবে। তবে ড্রেনেজ ব্যবস্থাপনা সম্পন্ন হতে আরো কিছুটা সময়ের প্রয়োজন হবে। নতুন পাম্প হাউজ নির্মাণ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলামান রাখতে একটি পাম্প ভাড়া করা হচ্ছে বলে তিনি জানান। 
কেসিসি প্রশাসক মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে নগর উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ্যাডামস ফাউন্ডেশনের সামাজিক প্রকল্প ‘কমিউনিটি ফোরাম’ এর সদস্যদের নিয়ে সংস্থাটি এ মতবিনিময় সভার আয়োজন করে। 
উল্লেখ্য, কমিউনিটি ফোরাম নগরীতে বসবাসরত ২৪টি ওয়ার্ডের অনগ্রসর জনগোষ্ঠী নিয়ে নাগরিক সুবিধা এবং নাগরিকদের জীবন মান উন্নয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 
মতবিনিময় সভায় উত্থাপিত বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে প্রশাসক বলেন, ইতোমধ্যে মশক নিধনে কিছুটা সফলতা এসেছে। তবে এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। বর্জ্য ব্যবস্থাপনাও ঢেলে সাজানো হচ্ছে। রিসাইক্লিং সেন্টারটি চালু হলে এ ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। তবে তিনি এ সকল কাজে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন। 
কমিউনিটি ফোরাম-কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম ও এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম আলী আসলাম। অন্যান্যের মধ্যে কমিউনিটি ফোরাম-কেন্দ্রীয় কমিটির মহাসচিব এইচ এম আবু সালেক, মহানগর কমিটির সহ-সভাপতি সাকেরা বানুসহ কমিউনিটি ফোরামের সদস্য ও কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ