খুলনা | বৃহস্পতিবার | ২৫ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

খুলনা সিটি মেডিকেলের কার্যক্রম শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:১৪ এ.এম | ২৫ জুন ২০২৬


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম আজ বৃহস্পতিবার (২৫ জুন) থেকে শুরু হচ্ছে।

প্রাথমিকভাবে বার্হিবিভাগে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার থেকে ভর্তি কার্যক্রম চলবে। এর আগে গত পরশু বুধবার সন্ধ্যায় হাসপাতালের বিদ্যুতের সংযোগ বুঝে নেওয়া হয়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার এডমিন হামিদুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডের ১৩ দিন পর বৃহস্পতিবার খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম শুরু হবে। বর্হিবিভাগে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে। শুক্রবার থেকে বিভিন্ন ওয়ার্ড ও কেবিন পর্যায়ে অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হবে। হাসপাতালের পয়পরিষ্কারের কার্যক্রম শেষ হয়েছে। সন্ধ্যায় হাসপাতালের বিভিন্নস্থানে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যেটি অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। মেয়াদ শেষ হওয়ার দুদিন পর কর্তৃপক্ষের নিকট তা দাখিল করা হয়। চিকিৎসা সেবা নেওয়ার জন্য খুলনাসহ বিভিন্নস্থান থেকে রোগীরা স্ব শরীরে হাসপাতালের সামনে আসছেন। কিন্তু প্রস্তুত না থাকায় তাদের বিভিন্ন হাসাপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। হাসপাতাল থেকে ১০টি সিলিন্ডার ও ৭-৮টি ট্রলি খোয়া গেছে। তাছাড়া ভর্তি থাকা অনেক রোগী টাকা না দিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। তারা যদি মানবিক কারণে সেটা ফেরত দেয় হাসপাতাল কর্তৃপক্ষ গ্রহণ করবে।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মোঃ মাসুদ সরদার বলেন, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ১৪ জুন ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এতে তাকে প্রধান করা হয়। অগ্নিকাণ্ডের পর হাসপাতাল দুবার পরিদর্শনে গিয়েছি। এ ঘটনার কারণ এখন বলা সম্ভব নয়। সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে হাসপাতালে আগুন লাগার বিষয়টি বলা যাবে।

উল্লেখ্য, ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে ময়লাপোতা মোড়ে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্ট থেকে ভয়াবহ অগ্নিকণ্ডের সূত্রপাত হয়। পরে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ভবন। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। হাসপাতালে ভর্তি আড়াই শতাধিক রোগীকে খুলনার সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে পাঠানো হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ