খুলনা | শুক্রবার | ২৬ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩

রামপালে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে কাজ বন্ধ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০২:৫০ পি.এম | ২৫ জুন ২০২৬


বাগেরহাটের রামপাল উপজেলার গিলেতলা থেকে কালিগঞ্জ সড়কের পিস ঢালাই কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলাম।

প্রতিমন্ত্রীর নির্দেশনায় চলমান নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়নমূলক কাজ কোনোভাবেই নিম্নমানের হতে পারে না। সড়ক নির্মাণে যদি কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত হোক।

এদিকে, বাগেরহাট জেলা ইঞ্জিনিয়ার শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানা গেছে। পরিদর্শন শেষে কাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মান নিশ্চিত সাপেক্ষে পুনরায় নির্মাণকাজ শুরু করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা এই সড়কের উন্নয়নের অপেক্ষায় ছিলেন। তবে নিম্নমানের কাজ হলে তা দ্রুত নষ্ট হয়ে যাবে বলে তাদের আশঙ্কা। স্থানীয় বাসিন্দা মো. জাহিদুল ইসলাম বলেন, আমরা ভালো রাস্তা চাই। কাজ যদি ঠিকমতো না হয়, তাহলে আমাদেরই ভোগান্তি পোহাতে হবে। তাই কাজের মান ঠিক রাখা জরুরি।

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা সন্তুষ্ট। এখন আমরা চাই, সঠিকভাবে কাজটি সম্পন্ন করা হোক।

স্থানীয়দের মতে, এ ধরনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ সড়ক নির্মাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানসম্মত কাজ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ