খুলনা | শুক্রবার | ২৬ জুন ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩

ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে শোকজ ইসির

খবর প্রতিবেদন |
১১:০৪ পি.এম | ২৫ জুন ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) সাত রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৫ জুন) ইসির মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক সাতটি চিঠি সাত দলকে পাঠানো হয়েছে।

চিঠিগুলোতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রার্থী মনোনয়ন দিয়েছিল। আরপিও’র ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ব্যয়ের বিবরণী নিরীক্ষার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

চিঠিগুলোতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় বিবরণী জমা না দেওয়ায় গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের জন্য অনুরোধ করা হয়েছিল। পরে ১৯ মে দেওয়া সতর্কীকরণ নোটিশে ১৩ জুনের মধ্যে ব্যয় বিবরণী জমা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময় পার হলেও দলটি ব্যয়ের হিসাব জমা দেয়নি।

আরও বলা হয়েছে, আরপিও’র ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ে ব্যয় বিবরণী জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা সাপেক্ষে সময় বাড়াতে পারে। এরপরও হিসাব জমা না দিলে নিবন্ধন বাতিলের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

চিঠিতে ব্যয় বিবরণী জমা না দেওয়ার বিষয়ে কেন ১০ হাজার টাকা জরিমানাসহ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হবে না, তার জবাব অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর দিতে বলা হয়েছে।

যে সাত দলকে কারণ দর্শাতে বলা হয়েছে 
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, জাতীয়তাবাদী গনতন্ত্রাতিক আন্দোলন-এনডিএম এবং আমজনতার দল।

প্রিন্ট

আরও সংবাদ

জাতীয়

প্রায় ১৯ মিনিট আগে