খুলনা | শনিবার | ২৭ জুন ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

শার্শা (যশোর) প্রতিনিধি |
০৫:৩৩ পি.এম | ২৬ জুন ২০২৬


যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দীন সরদার (৪৪) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার (২৬ জুন ) ভোর সাড়ে ৪টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকা থেকে স্বর্নের বারসহ এ চোরাকারবারিকে আটক করা হয়।

​আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহলদল গদখালী বাজারের পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী সাহাব উদ্দীন সরদারকে থামিয়ে তল্লাশি চালালে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটককৃত স্বর্ণ ও অন্যান্য মালামালসহ সর্বমোট সিজার মূল্য ২ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ১৫০ টাকা। স্বর্ণের বারগুলো ছাড়াও তার কাছ থেকে চোরাচালানে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহাব উদ্দিন জানায়, সে ঢাকার সায়দাবাদ এলাকার একটি বড় চোরাকারবারী চক্রের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। এরপর ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সে এগুলো নিয়ে যাচ্ছিল।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তাকে যশোর ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান,সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। সীমান্তে স্বর্ণসহ পাচারকারীদের আটকে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ